
মোঃ রিসালাত মীরবহর।। মানুষ সৃষ্টির সেরা জীব। মহান আল্লাহ দয়াময় অত্যন্ত নিপুনতার সাথে মানুষেকে অতুলনীয় জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন। আর তাই মহান আল্লাহ তাঁর সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষকে স্বীকৃতি দিয়েছেন। যাতে করে মানুষ তার প্রাপ্ত জ্ঞানের মাধ্যমে পৃথিবীকে তার বসবাসের উপযোগী করে নিতে সক্ষম হয়। মানুষ তার মেধা ও জ্ঞান কে কাজে লাগিয়ে পার্থিব সকল সমস্যাগুলো থেকে উপকৃত হতে পারে। আর তাই মাখলুকাতের অন্য সবকিছু মানুষের অধীনস্ত করা হয়েছে।
মানুষের মধ্যে বিবেক আছে, বুদ্ধি আছে। মানুষ কে মহান আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন যে, মানুষ তার স্বীয় জ্ঞানের মাধ্যমে ভালো মন্দ বুঝতে পারে। পবিত্র আল কুরআনের বাণী অনুযায়ী, জ্ঞান মানুষকে সভ্য করে তোলে, ঈমান ও আমলের ভিত্তি স্থাপন করে এবং আল্লাহর নৈকট্য অর্জনের পথে পরিচালিত করে। এটি ভালো-মন্দ পার্থক্য করতে এবং আল্লাহর সৃষ্টির রহস্য অনুধাবন করতে সাহায্য করে। যারা জ্ঞানী এবং যারা জানে না, তারা কখনও সমান হতে পারে না। মহান আল্লাহ জ্ঞানীদের মর্যাদা সবসময়ের জন্য বৃদ্ধি করেন। জ্ঞান মানুষের মধ্যে অন্ধকার দূর করে এবং তাকে অন্যান্য প্রাণীর চেয়ে সম্পূর্ণ আলাদা করে তোলে। কারণ জ্ঞান মানুষকে স্রষ্টার অস্তিত্ব ও একত্ববাদ বুঝতে সাহায্য করে।
যারা জ্ঞান অর্জন করে, আল্লাহ তাদের অন্যদের চেয়ে উচ্চ মর্যাদা দান করেন। জ্ঞান অর্জনের ফলে একজন ব্যক্তি কেবল নিজের জন্যই নয়, বরং পুরো সমাজের জন্যও আলোকবর্তিকা হয়ে ওঠে। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা বিভিন্ন বিষয়ে জ্ঞানী বা পারদর্শী। হতে পারে তিনি ভালো কবিতা পাঠক কিংবা ভালো বাইক চালক অথবা বৈমানিক অথবা ভালো ডাক্তার অথবা ভালো ইঞ্জিনিয়ার অথবা ভালো সমাজ সেবক ইত্যাদি। অর্থাৎ বিভিন্ন বিষয়ে এক এক মানুষ এক এক ধরনের পারদর্শীতা অর্জন করে থাকে।
অনেকেই ভাবেন চর্চার মাধ্যমে যে কোন বিষয়ে জ্ঞান অর্জন করা যায়। কথাটি মিথ্যা নয়। অর্থাৎ কোন মানুষ যদি চেষ্টা করেন কোন একটি বিষয়ে তিনি পারদর্শী হবেন তবে তা তিনি চাইলে অর্জন করতে পারেন। তবে তা আপনাকে নানা কাঠখোর পুড়িয়ে অর্জন করতে হবে। অর্থাৎ আপনি যে বিষয়ে পারদর্শী হতে চান সে বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। অর্থাৎ প্রশিক্ষণের সকল ধাপ সুষ্ঠভাবে সম্পন্ন করলেই কেবলমাত্র আপনি সে বিষয়ে পারদর্শী হতে পারবেন। মহান আল্লাহ প্রত্যেকটি মানুষের মধ্যে জ্ঞান দিয়েছেন। কাজেই মানুষ চাইলে সে জ্ঞানকে ব্যবহার করে তার কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারে।
তবে আল্লাহ প্রদত্ত কিছু বিষয় রয়েছে যার জন্য মানুষকে প্রশিক্ষণ নিতে হয় না। এটি মহান আল্লাহর তরফ থেকে মানুষের জন্য প্রদত্ত রহমত ও দয়াস্বরূপ প্রদান করা হয়। যেমন: ধরুণ একজন মানুষের গলায় অত্যন্ত মায়াবী কন্ঠে কুরআন তিলাওয়াত কিংবা গজল শোনা যাচ্ছে অথবা ধরুণ একজন মানুষ তার সুন্দর কন্ঠে কবিতা আবৃত্তি করছেন অথবা ধরুণ একজন মানুষ তার নৈপূর্ণতা দিয়ে লিখছেন অথবা ধরুণ একজন মানুষ তার সুন্দর কথা দিয়ে ভালো উপস্থাপনা করছেন অথবা ধরুণ একজন মানুষ ভালো চিত্র কর্ম আঁকতে পারেন ইত্যাদি। কিন্তু এসব বিষয়ে তাঁরা ইতিপূর্বে কোন প্রকার প্রশিক্ষণ গ্রহণ করেন নাই। অর্থৎ তাদের এসকল প্রতিভা সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত। মহান আল্লাহ তাঁর রহমত দ্বারা তাদের এসকল বিষয়ে প্রতিভাবান বানিয়েছেন। কিন্তু আমরা সবাই সব বিষয়ে পারদর্শী নই কিংবা প্রতিভাবানও নই। তবে চাইলে সাধনা কিংবা অধ্যবস্যায়ের মাধ্যমে যে কোন বিষয়ে পারদর্শী হয়ে ওঠা সম্ভব হতে পারে। তবে অনেক সময় তা সবার জন্য সম্ভবপর হয়ে ওঠে না।
দেখুন আমাদের আগে যারা পৃথিবীতে এসেছেন তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা প্রশিক্ষণ নিয়ে কোন বিষয়ে পারদর্শীতা অর্জন করেন নাই। যেমন ধরুণ: আমাদের শ্রদ্ধাভাজন জাতীয় কবি নজরুল ইসলাম খুব সামান্য অধ্যয়ন করেছেন। কিন্তু তার লেখনী প্রতিভা এত শক্তিশালী ছিল যে তিনি এদেশের জাতীয় কবির মর্যাদা পেয়েছেন। অর্থাৎ প্রিয় কবির যে প্রতিভা ছিল তা কোন কিছুর বিনিময়ে আটকে থাকেনি। ঠিক অনুরূপ ভাবে অনেক বিজ্ঞানী রয়েছেন, অনেক চিকিৎসক রয়েছেন, অনেক নামি দামী লেখক, কবি কিংবা সাহিত্যিক রয়েছেন যারা তাদের স্বীয় প্রতিভার মাধ্যমে সবার কাছে সমাদৃত রয়েছেন। এমন উদাহরণ অসংখ্য রয়েছে। এমনকি তারা তাদের কর্মের দ্বারা সমাজ ও দেশকে আলোকিত করেছেন। অনেক মানুষ আছেন যারা অনেক শিক্ষিত অনেক পড়াশুনা করেন, অনেক জাননে, অনেক বোঝেন, অনেক বই পড়েন কিন্তু তার পক্ষে একলাইন কবিতা লেখা সম্ভব নয় কিংবা তার পক্ষে একটি ইসলামী সংগীত গাওয়া সম্ভব নয়। কিংবা তার পক্ষে দু’লাইন কবিতা আবৃত্তি করা সম্ভব নয় অথবা তার দ্বারা নিত্য নতুন কোন কিছু প্রণয়ন করা সম্ভব নয় ইত্যাদি। অর্থাৎ তার মাঝে সৃষ্টিশীল চিন্তাশক্তি নেই, কোন আবিস্কার নেই। মূলত প্রতিভা মহান আল্লাহ প্রদত্ত একটি বিষয়।
আমরা অনেকেই মনে করি উচ্চ শিক্ষা অর্জন করলে কিংবা অগাধ অর্থ, সম্পত্তি কিংবা প্রতিপত্তি হলেই মনে হয় মেধাবী কিংবা প্রতিভাবান হওয়া যায়। বিষয়টি মোটেই সঠিক নয়। একজন প্রতিভাবান মানুষ যে কেউ হতে পারেন। তার অর্থ, বিত্ত কিংবা প্রতিপত্তি থাকতেও পারে আবার নাও থাকতে পারে। সত্যিকারের প্রতিভাবন মানুষের সাথে অর্থ, বিত্ত কিংবা প্রতিপত্তির কোন সম্পর্ক নেই। তবে অনেকেই রয়েছেন যারা অর্থ, সম্পদ কিংবা প্রতিপত্তি ব্যবহার এর মাধ্যমে প্রতিভাবান হওয়ার চেষ্টা করেন। যার সাথে আসলে সত্যিকারের প্রতিভাবান মানুষের কোন সম্পর্ক নেই। একজন প্রতিভাবান মানুষ হচ্ছেন মহান আল্লাহর রহমত দ্বারা পরিচালিত। যার দ্বারা সে নিত্য নতুন সৃষ্টি নিয়ে সবার কাছে হাজির হতে পারেন। সেটা যে কোন বিষয়ে হতে পারে। ফলে তার এই মেধাকে সবাই মূল্যায়ন করেন এবং সবার মাঝে এক অনন্য মানুষ হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন। অর্থাৎ তাই একথা নিশ্চিন্তে বলা যায়, আল্লাহর রহমত মানুষকে প্রতিভাবান বানায় এবং সম্মানিত করে।
কখনও কখনও এমনও হয় যে, সত্যিকারের প্রতিভাবন মানুষগুলো তাদের প্রতিভা বিকাশিত করতে সক্ষম হয় না। সামাজিক, রাজনৈতিক, আর্থিক কিংবা পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে এসকল প্রতিভাবান মানুষগুলো অনেক সময় লোক চক্ষুর আড়ালে থেকে যায়। আর তাদের স্থানে সুযোগ পায় অসাধু ও ধোকাবাজ নামে মাত্র প্রতিভাবান মানুষ। যারা তাদের আর্থিক, সামাজিক ও রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে প্রতিভাবান হওয়ার চেষ্টা করেন। আবার কেউ কেউ প্রতিভা অর্জনের জন্য বিভিন্ন বিষয়ে অনুকরণ কিংবা অনুসরণ করেন অন্যকাউকে। সেক্ষেত্রে কখনও কখনও পুরোপুরি কেউ কেউ প্রতিভা বিকাশিত করার লক্ষ্যে প্রতিভার উপাত্ত চুরি করার মতো ঘটনাও ঘটিয়ে থাকেন।
মূল বিষয় হচ্ছে প্রতিভা কখনও চুরি করে কিংবা প্রভাব বিস্তার করে অর্জন করা যায় না। হয়তো আপনি বা আমি সাময়িক ভাবে প্রতিভাবান হিসেবে সবার কাছে পরিচিত হতে পারি। তবে এর সাথে প্রকৃত প্রতিভাবান মানুষের সাথে কোন সম্পর্ক নেই। আপনি লক্ষ্য করলে দেখবেন অসংখ্য মানুষ রয়েছেন যারা পড়াশুনা থেকে শুরু করে নিজের জীবনে অনেক সফল একজন মানুষ। কিন্তু তার মধ্যে কোন প্রকার প্রতিভা নেই। প্রতিভা বলতে এখানে আমি সেই বিষয়টিকে বুঝিয়েছি যা একজন মানুষকে অনন্য এক উচ্চতায় নিয়ে যায়। যে জনপ্রিয় একজন মানুষ হিসেবে সবার মাঝে বিরাজ করে। আপনার টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে, প্রভাব আছে প্রতিপত্তি আছে কিন্তু আপনার এসব অর্জন আপনাকে একজন অনন্য মানুষ হিসেবে প্রকাশ করতে সক্ষম হয়নি।
অন্যদিকে একজন সত্যিকারের প্রতিভাবান মানুষের সবকিছুর অভাব থাকলেও তিনি তার প্রকৃত জ্ঞান কিংবা প্রতিভা দিয়ে সবার মাঝে বেঁচে আছেন। যার জ্ঞানের আলো কিংবা প্রতিভার দ্বার সমাজ, দেশ ও মানুষ উপকৃত হচ্ছে। আসুন সত্যিকারের প্রতিভাবান মানুষগুলোকে সম্মান জানাই, ভালোবাসি। এ পৃথিবী সেদিন শান্ত হবে যেদিন সত্যিকারের মানুষগুলো দ্বারা পরিচালিত হবে। যাদের বিবেক থাকবে, যাদের অন্যের প্রতি মায়া থাকবে, ভালোবাসা থাকবে।
আরও পড়ুন: পরকীয়া।
আরও পড়ুন: মুমিনের পতন।
আরও কন্টেন্ট নিয়মিত পেতে: ফেসবুক পেজে যুক্ত থাকুন [Click]।
📌 সম্ভব হলে পোস্টটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।
✅আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
Writer & Editor: Obalardak
E-mail:obalardak@gmail.com
Barishal Sadar, Barishal, BangladeshE-mail:obalardak@gmail.com
Mobile: +8801516332727 (What's App)
Copyright Ⓒ 2025 । All Right Reserved By Obalardak [Click More]


.png)