প্রতি বছরের মতো অতি নিকটে চলে এসেছে রমজান মাস। মুসলিম বিশ্বের পবিত্র এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত হিসেবে বিবেচনা করা হয়। আর মাত্র এক মাস পরেই শুরু হতে যাচ্ছে মুসলিম উম্মাহর সিয়াম সাধনা ও ইবাদতের এই মাস। অবশ্য বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভর করছে।
দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে রমজান মাস শুরু হতে পারে। রমজান মাসের সম্ভাব্য প্রথম দিন হতে পারে ১৮ ফেব্রুয়ারি।
ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের ২০২৬ সালের সরকারি ছুটি ও ধর্মীয় ইভেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) হতে পারে রমজান মাসের শেষ দিন। পরদিন মুসলিমদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। হিজরি বর্ষ গণনা করা হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। এখন চলছে রজব মাস। হিজরি মাস সাধারণ ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে।
এদিকে বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের কয়েক দিন পরেই শুরু হচ্ছে পবিত্র সিয়াম সাধনার মাস।

