স্টলে সব ধরনের বই রয়েছে। তবুও কেনার মতো পাঠক নেই। ১৭ দিন ধরে মেলা চলছে। বিক্রি হয়েছে মাত্র ২ হাজার টাকার মতো। এমন আক্ষেপের কথা জানালেন আনন্দলোক প্রকাশনীর বিক্রয়কর্মী আসিফ গালিব সোহান।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে কিছুটা ব্যস্ত বইমেলায় তিনি নিরবে বসে ছিলেন প্রকাশনীর স্টলে। অতীতে মেলায় যে কৌতূহলী পাঠকের উপস্থিতি ছিল, তা আনন্দলোকের সেই কোণার স্টলে পৌঁছায়নি। প্রতিবছর অমর একুশে বইমেলার শেষ সপ্তাহে পাঠকের উপচে পড়া ভিড় লেগে থাকতো। এমনকি উৎসাহী দর্শক ও পাঠকের সঙ্গে লেখকদের উপস্থিতিতে মেলা কোলাহলময় হয়ে উঠত। তাছাড়া ছুটির দিনে তো তিল ধারণেরও জায়গাও থাকত না।
কিন্তু এবারের বইমেলায় সোহানের মতো ছোট-বড় অনেক স্টলের বিক্রয়কর্মীদেরই দীর্ঘ অলস সময় পার করতে হয়েছে। স্টলে বসে তারা অপেক্ষা করেছেন পাঠকের জন্য, কিন্তু প্রত্যাশিত ভিড় লক্ষ্য করা যায়নি। দু-একজন পাঠক সামনে এসে দাঁড়ালেও বেশিরভাগই শুধু বইয়ের দাম জিজ্ঞেস করে চলে গেছেন, কিনেছেন খুব কমই। ফলে দিন শেষে বিক্রয়কর্মীদের কণ্ঠে শোনা গেছে হতাশার বাণী।



.png)